পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। সভায় মালিকপক্ষের প্রতিনিধিরা বেতন কাঠামোর প্রস্তাব পেশ করবেন।
গতকাল এই সভা শ্রমভবনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে একজন বোর্ড সদস্য অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করা হয়। পরবর্তীতে মালিক ও শ্রমিকপক্ষ দ্রুত সময়ের মধ্যে সভা আয়োজনের দাবি জানায়।
শ্রম মন্ত্রণালয় গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির ইস্যুতে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন।
সর্বশেষ ন্যূনতম মজুরি ২০২৩ সালের নভেম্বরে ঘোষণা করা হয়, যা পরের মাসে কার্যকর হয়। সেই হিসাবে, চলতি নভেম্বরে ন্যূনতম মজুরির মেয়াদ শেষ হবে। ২০২৩ সালে ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করা হয়, যা ৫৬ শতাংশ বৃদ্ধি।