পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এই তথ্য নিশ্চিত করেছেন পরমাণু শক্তির নিয়ন্ত্রক সংস্থার (বিএআরইএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান।
তিনি জানান, ৪ থেকে ৫ ঘণ্টা ট্রায়াল রানের সময় বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটর, টারবাইন এবং গ্রিডের পারফরম্যান্সসহ সামগ্রিক বিষয়গুলো পর্যবেক্ষণ করা হবে। অক্টোবরে ফিশন বা পারমাণবিক বিক্রিয়া শুরুর পর তা সফলভাবে পরিচালিত হয়।
পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী ধাপ সি-এর জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে রূপপুর কেন্দ্র। এখানে জ্বালানি থেকে তাপশক্তির রূপান্তর ধাপে ধাপে বাড়ানো হয়। কমপক্ষে ৪০ শতাংশ তাপশক্তি অর্জনের পর উচ্চচাপের পানি থেকে উৎপাদিত স্টিম পাইপলাইনে দিয়ে টারবাইন ঘোরানো হয়েছে।
মাহমুদুল হাসান আরও জানান, সবকিছু ঠিক থাকলে বিকেল ৫টার দিকে জাতীয় গ্রিডের সাথে পরীক্ষামূলকভাবে যুক্ত হবে ইউনিটটি। এই পরীক্ষামূলক পর্যবেক্ষণে ৩০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হতে পারে। প্রথম ইউনিটের সক্ষমতা পুরোপুরি ব্যবহারে ৬ মাস পর্যন্ত সময় লাগতে পারে।