সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

লালমনিরহাটে জমিজমা বিরোধে ছোট ভাই খুন

লালমনিরহাটে জমিজমা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত।

লালমনিরহাটে জমিজমা বিরোধে ছোট ভাই খুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নূর মোহাম্মদ নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া গ্রামের কালীবাড়ি এলাকায় এ বর্বরোচিত ঘটনা ঘটে। নিহত নূর মোহাম্মদ মৃত রহিম উদ্দিনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে বোনের প্রাপ্য জমির অংশ বণ্টন নিয়ে বিরোধ চলছিল।

রোববার বিকেলে এ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই নূর ইসলাম ক্ষিপ্ত হয়ে শক্ত কাঠের লাঠি দিয়ে ছোট ভাই নূর মোহাম্মদের মাথায় আঘাত করেন।

লাঠির আঘাতে নূর মোহাম্মদ মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে অ্যাম্বুলেন্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন