প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর লালমনিরহাট সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার তিনি একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সকাল ৯টায় তিনি হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন।
সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।
দুপুরে, সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
এরপর, লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে তিনি ১৫ হাজার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, প্রধানমন্ত্রীর সফরে সিভিল অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ে প্রথমে নামবেন তিনি। জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর সফরের জন্য তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।