সারা দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩০০ জন। এছাড়া, হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২১৮ জনের শরীরে।
হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ জন। এ নিয়ে দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৭৪৮ জন।
এছাড়া, উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জনের শরীরে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন।
বর্তমানে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।