গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২,০৮৯ জন। রবিবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫১৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯৬ জন, খুলনা বিভাগে ৩৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৯ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন, রংপুর বিভাগে ৮৩ জন এবং সিলেট বিভাগে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৬২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬,৪৫৮ জন।