দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন রোগী। মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরে ৩২৮ জন ভর্তি হয়েছেন, যার মধ্যে সরকারি হাসপাতালে ২৪০ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন।
ঢাকা বিভাগের (সিটি করপোরেশন বাদে) নতুন রোগীদের মধ্যে ১১৬ জন, ময়মনসিংহে ৫৭ জন, চট্টগ্রামে ২৯৭ জন, খুলনায় ২৬৭ জন, রাজশাহীতে ১২৩ জন, রংপুরে ৩৮ জন, বরিশালে ৩০৮ জন এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫০৭ জন।