কৃষি ও মৎস্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।
আজ শনিবার কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।
মন্ত্রী উল্লেখ করেন, দেশের প্রতিটি গ্রামে মসজিদ রয়েছে এবং ইমাম-মুয়াজ্জিনদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে সচেতনতা তৈরি করা সম্ভব। তাঁদের সম্পৃক্ত হলে তারা নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি অন্যদেরও নিরাপদ খাদ্য উৎপাদনে উৎসাহিত করতে পারবেন।
তিনি আরও বলেন, কৃষিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও বিষমুক্ত ফসল উৎপাদনে গুরুত্ব দিতে হবে। অতীতে কৃষকেরা রাসায়নিক উপকরণের ব্যবহার ছাড়াই নানা ধরনের ফসল উৎপাদন করতেন।
মন্ত্রী জানান, প্রতিটি ইউনিয়ন ও কৃষি ব্লকে কৃষি কর্মকর্তারা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিয়ে আসছেন। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্পৃক্ত করা গেলে নিরাপদ খাদ্য উৎপাদনের বিষয়ে সচেতনতার বার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে।
সম্মেলনে হাফেজ মাওলানা মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা, কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সারসহ অন্যান্য অতিথিরা বক্তব্য দেন। অনুষ্ঠানের শেষে মন্ত্রী তৃতীয় হিফজুল কোরআন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ ও স্মারক তুলে দেন।