শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

বাগেরহাট জেলা কারাগারে খাবার খাওয়ার সময় হাজতির গলায় খাবার আটকে মৃত্যু হয়েছে।

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

বাগেরহাট জেলা কারাগারে খাবার খাওয়ার সময় গলায় আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

নিহত চাঁন মিয়া ফকির মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে। তিনি বাগেরহাট জেলা কারাগারে হাজতি নম্বর ৪২৪১/২৬ হিসেবে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।

কারাগার সূত্রে জানা যায়, খাবার খাওয়ার সময় চাঁন মিয়ার খাদ্যনালীতে খাবার আটকে যায়। পরে কারারক্ষীরা দ্রুত তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার জানান, কারাগার থেকে অসুস্থ অবস্থায় এক হাজতিকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে এবং মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল জানিয়েছেন, খাবার খাওয়ার সময় ওই হাজতির গলায় খাবার আটকে যায়। বিষয়টি জানার পর কারারক্ষীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন