রবিবার, ১২ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্ত শুরু

বাগেরহাটে বিএনপি নেতা আবুল কালামের রহস্যজনক মৃত্যু, তদন্ত শুরু।

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্ত শুরু

বাগেরহাটে বিএনপি নেতা চাকলাদার আবুল কালাম (৬০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা কালামের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

চাকলাদার আবুল কালাম বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের মৃত চাকলাদার হাতেম আলীর ছেলে এবং পেশায় একজন ঠিকাদার ছিলেন। তিনি গত এক বছরের বেশি সময় ধরে একাই তার বাড়িতে বসবাস করছিলেন।

কালামের চাচাতো ভাইয়ের স্ত্রী ইয়াসমিন বেগম জানান, গত শুক্রবার রাত ১০টার পরে তিনি কালামকে খাবার দিতে গেলে শনিবার সকালে ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখেন তিনি গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় বসে আছেন।

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু বলেন, “কালাম দলের একজন নিবেদিত কর্মী ছিলেন। মৃত্যুর পর তার মরদেহের অবস্থা দেখে মনে হয়নি তিনি আত্মহত্যা করেছেন।”

বাগেরহাট সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে কালামের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন