বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কল ড্রপ ও প্যাকেজের শর্ত জানাতে হবে: আইসিটি মন্ত্রী

আইসিটি মন্ত্রী কল ড্রপ ও প্যাকেজের শর্ত সম্পর্কে গ্রাহকদের জানাতে মোবাইল অপারেটরদের নির্দেশ দেন।

কল ড্রপ ও প্যাকেজের শর্ত জানাতে হবে: আইসিটি মন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নেটওয়ার্ক আধুনিকায়নের কাজ সম্পন্ন করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মোবাইল অপারেটরদের উদ্দেশ্যে বলেন, ‘কল ড্রপের কারণ, সেবার মান এবং বিভিন্ন প্যাকেজের শর্ত সম্পর্কে গ্রাহকদের স্পষ্টভাবে জানাতে হবে।’

১৯ আগস্ট, বুধবার ঢাকার তেজগাঁওয়ে রবির করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘দেশের ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণে টেলিযোগাযোগ খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। গ্রাহকদের আরও ভালো সেবা দিতে অপারেটরদের নেটওয়ার্কে বিনিয়োগ অব্যাহত রাখতে হবে।’

অনুষ্ঠানে রবি আজিয়াটার নেটওয়ার্ক আধুনিকায়নের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটি জানায়, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জসহ বৃহত্তর ঢাকায় ৪ হাজার ৮০০টির বেশি সাইট আধুনিকায়ন করা হয়েছে। নতুন প্রজন্মের ‘গিগা গ্রিন ফোরজি/ফাইভজি রেডি’ প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করে এই কাজ সম্পন্ন করা হয়েছে।

রবির দাবি, আধুনিকায়নের ফলে বিভিন্ন এলাকায় গ্রাহক অভিজ্ঞতা সর্বোচ্চ ১২৫ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছে এবং কল ড্রপ ২০ শতাংশ কমেছে। ঢাকা ও গাজীপুর অঞ্চলে ইনডোর নেটওয়ার্ক কভারেজ আগের তুলনায় তিন গুণ বেড়েছে।

প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ‘টেলিযোগাযোগ খাতে প্রতিযোগিতার মূল বিষয় হয়ে উঠেছে সেবার মান। নেটওয়ার্ক উন্নয়নের মাধ্যমে গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা নিশ্চিত করা গেলে পুরো খাতই উপকৃত হবে।’

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, ‘মাত্র তিন মাসে প্রায় ৫ হাজার সাইটে আধুনিকায়নের কাজ সম্পন্ন করা একটি বড় অর্জন।’

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা জানান, ‘নেটওয়ার্ক আধুনিকায়নের ফলে ঢাকায় রবির সেবার মান আরও উন্নত হয়েছে।’ তিনি জানান, ‘চট্টগ্রামের নেটওয়ার্ক আধুনিকায়নের কাজও শিগগিরই শেষ হবে।’

রবি জানায়, ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে নেটওয়ার্ক সম্প্রসারণে ৯ হাজার ৩৩১ কোটির বেশি টাকা বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে তাদের ফোরজি সাইটের সংখ্যা ১৯ হাজার ৬৪৬ এবং দেশের ৯৮ দশমিক ৯৮ শতাংশ জনগণের জন্য ফোরজি নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত রয়েছে।

বিজ্ঞাপন