কল ড্রপ ও মোবাইল প্যাকেজ সম্পর্কিত গ্রাহকদের স্পষ্ট তথ্য দিতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বুধবার রাজধানীর তেঁজগায়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, কল ড্রপের ক্ষেত্রে গ্রাহকের টাকা কীভাবে ফেরত দেওয়া হবে এবং মোবাইল প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত সুবিধার কী হবে, এসব বিষয়ে গ্রাহকদের সঠিকভাবে জানানো প্রয়োজন। কল ড্রপ ও প্যাকেজ নিয়ে গ্রাহকদের মধ্যে যে অভিযোগ ও বিভ্রান্তি রয়েছে, তা দূর করতে অপারেটরদের সচেতনতামূলক উদ্যোগ নিতে হবে।
ফকির মাহবুব আনাম বলেন, সরকার টেলিযোগাযোগ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে অবগত। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি সরকার সিম ট্যাক্স প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও জানান, এই জনবান্ধব উদ্যোগের সুফল সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছানো উচিত। মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপের কাছ থেকেও ভবিষ্যতে আরও বিনিয়োগের প্রত্যাশা রয়েছে।