বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশে টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থার গড়ে তোলার অঙ্গীকার

বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।

বাংলাদেশে টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থার গড়ে তোলার অঙ্গীকার

বাংলাদেশে ক্যান্সারের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলায় একটি সমন্বিত, ন্যায়সংগত ও টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি মঙ্গলবার অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ‘রেজ অব হোপ: ডেলিভারিং অন দি প্রোমিজ অব ক্যান্সার কেয়ার’ শীর্ষক বৈজ্ঞানিক ফোরাম-২০২৬-এ বক্তব্য দেন।

মন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতে ‘রেজ অব হোপ: ক্যান্সার কেয়ার ফর অল’ উদ্যোগকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি এবং আইএইএ সচিবালয়ের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে দেশে ক্রমবর্ধমান ক্যান্সারের বোঝা মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ।’

ফকির মাহবুব আনাম বলেন, টেকসই ক্যান্সার চিকিৎসার জন্য প্রয়োজন শুধুমাত্র যন্ত্রপাতি ও অবকাঠামো নয়, বরং প্রতিরোধ, রোগের প্রাথমিক শনাক্তকরণ, রোগ নির্ণয়, দক্ষ মানবসম্পদ এবং গুণগত মান নিশ্চিতকরণের মতো একটি সমন্বিত ব্যবস্থা প্রয়োজন। তিনি জানান, বাংলাদেশ ২০২৫ সালে ‘রেজ অব হোপ’ উদ্যোগে যুক্ত হয়েছে এবং এ অংশীদারিত্বকে কার্যকর কর্মসূচিতে রূপ দিতে আইএইএর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

মন্ত্রী বলেন, ‘একটি সমন্বিত ওয়ান-স্টপ ক্যান্সার কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করা আমাদের অন্যতম অগ্রাধিকার, যেখানে রোগীকেন্দ্রিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে।’ তিনি আইএইএর কারিগরি সহযোগিতার প্রশংসা করে বলেন, ‘আইএইএ-এর সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি জানান, বাংলাদেশ নভেম্বর ২০২৬-এ অনুষ্ঠেয় IAEA–WHO–IMPACT Review Mission-এর দিকে আগ্রহের সঙ্গে তাকিয়ে আছে, যা দেশের জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ সক্ষমতার মূল্যায়ন করবে। মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আরও সমন্বিত, ন্যায়সংগত ও টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।’

বিজ্ঞাপন