যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। তার ছেলে হান্টার বাইডেন জানিয়েছেন, ক্যান্সার হাড়েও ছড়িয়ে পড়ায় তিনি তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগছেন।
গত বছর মে মাসে হোয়াইট হাউস ছাড়ার পর বাইডেন নিজেই তার শরীরে শনাক্ত হওয়া প্রোস্টেট ক্যান্সারের কথা জানান। সর্বশেষ তথ্যানুযায়ী, এই ক্যান্সার হাড় পর্যন্ত ছড়িয়ে গেছে। তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।
গত বছর অক্টোবরে বাইডেনের একজন মুখপাত্র জানান, ক্যান্সারের জন্য তিনি রেডিয়েশন ও হরমোন থেরাপি নিচ্ছেন। স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠার পরেও ২০২৪ সালের নির্বাচনে লড়ার ঘোষণা দেন তিনি।
পরবর্তীতে, ডেমোক্রেটদের চাপের মুখে তিনি সড়ে দাঁড়ান। বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট ছিলেন এবং তার বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে পুরো মেয়াদজুড়েই আলোচনা ছিল।