ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইন্সে মাদরাসা ছাত্রদের সঙ্গে সংঘর্ষের পর জেলা পুলিশ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার জেলা পুলিশের মিডিয়া উইং থেকে এই বিজ্ঞপ্তি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সে ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। ঘটনার প্রাথমিক পর্যায়ে বিচ্যুতির অভিযোগে তিনজন পুলিশ সদস্যকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ কর্তৃপক্ষ শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডার পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গানবাজনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ ও মাদরাসা ছাত্রসহ ৩০ জন আহত হন।