সমঝোতা স্মারকের নির্ধারিত শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না বলে আবারও জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারকের মাধ্যমে পাওয়া সুযোগটি ইরানের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
গালিবাফ আরও জানান, নৌ-অবরোধ প্রত্যাহার, অবরুদ্ধ সম্পত্তি মুক্ত, তেলসংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া, সব দিক থেকে হুমকি ও সামরিক অভিযান বন্ধ করা এবং সমঝোতা স্মারকের অন্যান্য শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে না।
সোমবার ইরানের রেভোলিউশনারি গার্ডও একই ধরনের অবস্থান ব্যক্ত করেছে। রেভোলিউশনারি গার্ডের ডেপুটি প্রধান ইয়াদুল্লাহ জাওয়ানি বলেন, ইসলামাবাদ চুক্তির ভিত্তিতেই যুদ্ধ শেষ হওয়া উচিত এবং যুক্তরাষ্ট্র এই চুক্তির আওতায় তাদের অঙ্গীকার পূরণ করলেই কেবল হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য সমঝোতা স্মারকের নির্ধারিত ৬০ দিনের মেয়াদ সোমবার শেষ হয়েছে। তবে নতুন করে উত্তেজনা ও সংঘর্ষের পর উভয় পক্ষই এই প্রক্রিয়াটিকে কার্যত শেষ বলেই মনে করছে।
অন্যদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন চুক্তির মেয়াদ আর বাড়াতে চান না।