বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ সুপ্রিম কোর্টের

পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে।

ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ সুপ্রিম কোর্টের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে অবিলম্বে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, যেকোনো অভিযুক্তের স্বাস্থ্যসেবার অধিকার একটি মৌলিক অধিকার।

সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। আদালতের নির্দেশে উল্লেখ করা হয়, ইমরান খানের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করতে হবে।

তেহরিক-ই-ইনসাফের মহাসচিব সালমান আকরাম রাজা এবং ইমরান খানের বোন উজমা খান আদালতে একটি আবেদন করেছিলেন, যার ভিত্তিতে এই নির্দেশনা দেয়া হয়। আদালত পরবর্তী শুনানিতে ইমরান খানের চিকিৎসা প্রতিবেদন উপস্থাপনেরও নির্দেশ দিয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, ইমরান খানের চিকিৎসায় যেসব ব্যয় হবে, তা তার পরিবার বহন করবে। তাঁকে হাসপাতালে স্থানান্তর করার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো যাবে না।

আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট আদালতে যে চিকিৎসা প্রতিবেদন জমা দিয়েছেন, তাতে বলা হয়েছে যে ইমরান খানের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের গুরুতর উপসর্গ দেখা গেছে। প্রতিবেদনে উদ্বেগের মাত্রা ‘লেভেল থ্রি প্লাস’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অত্যন্ত গুরুতর বলে বিবেচিত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সর্বশেষ ১০ আগস্ট একটি মেডিকেল বোর্ড পরীক্ষা করে। এতে চক্ষু, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অন্তর্ভুক্ত ছিলেন। ৭৩ বছর বয়সী ইমরান মাথায় ভারী অনুভূতি ও দ্রুত হৃদস্পন্দনের অভিযোগ করেছেন, তবে তার শ্বাসকষ্টের কোনো অভিযোগ নেই।

বিজ্ঞাপন