পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ফের কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
শুক্রবার ভোরে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এই তথ্য নিশ্চিত করেছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র।
পিটিআই সমর্থকেরা দাবি করেছেন, তিন বছরেরও বেশি সময় কারাগারে থাকার কারণে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন ছিল।
এর আগে, ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে বেসরকারি হাসপাতালে পাঠানোর আদেশ দেয়। তবে এই আদেশের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করে দেশটির সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সেই আবেদন ফেরত পাঠায়।
এছাড়া আদালত ইমরান খানের পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য একটি বোর্ড গঠনের নির্দেশও দিয়েছে। ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তার দলের মতে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে বন্দি রাখা হয়েছে।
২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক মামলার মুখোমুখি হয়েছেন তিনি।