২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে (তৎকালীন বঙ্গবন্ধু অ্যাভিনিউ) বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সমাবেশে চালানো গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং শতাধিক আহত হন। নিহতদের মধ্যে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানও ছিলেন।
হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের আওতায় দুইটি মামলা দায়ের করা হয়। ২০১৮ সালে বিচারিক আদালত অভিযুক্তদের বিভিন্ন দণ্ড প্রদান করে। তবে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট সেই রায় বাতিল করে অভিযুক্তদের খালাস দেয়।
২০২৫ সালে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে আপিল বিভাগ খালাসের রায় বহাল রাখে। তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর সর্বসম্মতভাবে ওই রায় প্রদান করে।