ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার পেছনে তিনটি কারণ রয়েছে। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে সাংবাদিকদের কাছে এ কথা জানান।
রুমিন ফারহানা জানান, নির্বাচনে অনিশ্চয়তা না থাকলে সেটাকে নির্বাচন বলা যায় না; বরং সেটি মনোনয়ন। তিনি বলেন, 'সারা বাংলাদেশের সকলেই জানতেন এই ভোটের ফলাফল কী হবে। তাই এটাকে আমি নির্বাচন বলতেই চাই না।'
দ্বিতীয় কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ৭০ অনুচ্ছেদ নিয়ে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কথা। তিনি বলেন, 'দলের সদস্যরা দল করলেও তারা চাইলে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কিন্তু বারবার সতর্ক করা হলো যে বিএনপির সংসদ সদস্যরা দলের বাইরে ভোট দিতে পারবেন না।'
রুমিন ফারহানা আরও বলেন, ভোট শেষ হওয়ার সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন যে ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে এবং সদস্যরা চাইলে দলের বাইরে ভোট দিতে পারবেন। তাহলে কেন এই ভোটে তাদের সেই অধিকার দেওয়া হলো না?
তৃতীয় কারণ হিসেবে তিনি জানান, সকল দল মিলে একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি মনোনয়ন দিতে পারত। তিনি বলেন, 'রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে ২০১৬ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে ভারসাম্য আনা হবে।'
রুমিন ফারহানা বলেন, 'সেগুলো নিয়ে কিন্তু আমরা কোনো কথা শুনি না। তাই সকলকিছু দেখে মনে হয়েছে, আমি এই প্রহসনের অংশ হতে চাচ্ছি না।'