বিএনপির পরিচয়ে রাজনীতিতে পরিচিতি পাওয়া ব্যারিস্টার রুমিন ফারহানার সাম্প্রতিক মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। তিনি বৃহস্পতিবার (১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নে স্থানীয় বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মন্তব্য করেন।
নাদিয়া পাঠান বলেন, "আমাদের ধৈর্যেরও একটা সীমা আছে। সহ্যসীমা পার হয়ে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যা কাম্য নয়।" তিনি আরও জানান, রুমিন ফারহানার বক্তব্যে দলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
তিনি উল্লেখ করেন, "গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের ত্যাগের কথা রুমিন ফারহানাকে লিখে দেওয়া হতো এবং তিনি সেগুলো জনগণের সামনে তুলে ধরতেন। কিন্তু এখন তিনি দলের প্রতি ‘চরম অকৃতজ্ঞতা’ প্রকাশ করছেন।"
রুমিন ফারহানার রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন নাদিয়া। তিনি বলেন, "আপনার নিজের যোগ্যতা থাকলে বারবার বাবার নাম জপতে হয় কেন? নিজের যোগ্যতায় বড় হতে হয়।"
নাদিয়া পাঠান রুমিনের বক্তব্যের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আচরণের মিল রয়েছে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, "শেখ হাসিনা যেভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ‘অবান্তর ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করতেন, বর্তমানে যেন সেই দায়িত্বই রুমিন ফারহানা নিজের কাঁধে তুলে নিয়েছেন।"