দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও উন্নত করার লক্ষ্যে ভারতের শীর্ষ শিল্প সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফর করছে। এই সফরটি আজ সোমবার শুরু হয়ে আগামী বুধবার (১৭–১৯ আগস্ট) পর্যন্ত চলবে।
সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে আরও ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার সুযোগ অন্বেষণ করা। সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা অংশ নিয়েছেন।
প্রতিনিধিদলে থাকা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলো ভারত বায়োটেক, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুবরো (এলঅ্যান্ডটি), ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, অ্যাপোলো হাসপাতাল এবং ইন্ডিয়ান অয়েল করপোরেশন।
সফরকালে প্রতিনিধিদলটি বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হবে।
এছাড়া, সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) আয়োজিত এক মধ্যাহ্নভোজসভায় অংশ নেবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
মধ্যাহ্নভোজসভায় প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশা করা হচ্ছে।