নাটোরের শহরতলীর ভাটোদ্বারা এলাকায় শাহীন রাইস মিলের গোডাউনে তালা কেটে ১৫০ বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে এই চুরির ঘটনা ঘটে।
গোডাউন মালিক শাহীন ভুইয়া জানান, প্রতিদিনের মতো গতকাল রাতেও শ্রমিকেরা কাজ শেষে চলে যান। রাতে গোডাউনের পাশের একটি ঘরে কয়েকজন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে চোরেরা গোডাউনে প্রবেশ করে শ্রমিকদের থাকার ঘরে বাহির থেকে তালা আটকিয়ে দেয়।
চোরেরা পরে গোডাউনের সাটারের তালা কেটে ট্রাক লোড করে ১৫০ বস্তা চাল নিয়ে পালিয়ে যায়। আজ সকালে অন্যান্য শ্রমিকরা গোডাউনে এসে সাটারের তালা কাটা দেখে সবাইকে খবর দেন।
পরে তারা গোডাউনের সিসি টিভি ক্যামেরার ফুটেজে চাল চুরির ঘটনাটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে সিসি টিভি ক্যামেরার ফুটেজসহ আলামত সংগ্রহ করে।
এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান গোডাউনের মালিক। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান বলেন, "চাল মিলের গোডাউনে চুরির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ আলামত সংগ্রহ করেছে এবং বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।"