রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জুলাই আন্দোলন নিয়ে অপপ্রচারের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে জিডি

জুলাই আন্দোলন নিয়ে অপপ্রচারের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি দায়ের হয়েছে।

জুলাই আন্দোলন নিয়ে অপপ্রচারের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে জিডি

রাজধানীর শাহবাগ থানায় জুলাই আন্দোলন নিয়ে অপপ্রচারের অভিযোগে আনিস আলমগীর, জান্নাতুল পিয়া, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। রাষ্ট্র সংলাপ ফোরাম নামক একটি সংগঠন এই অভিযোগটি করে।

গতকাল শনিবার রাতের ঘটনায় শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মাজিবুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগকারী মিল্লাত হোসেনের দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়েছে সাংবাদিক আনিস আলমগীর, কলামিস্ট মোমিন মেহেদী, আইনজীবী ও মডেল জান্নাতুল পিয়া, চ্যানেল আই-এর উপস্থাপিকা সোমা ইসলাম, অভিনেত্রী মারিয়া কিসপট্টা ও তুষ্টির নাম।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে জুলাই আন্দোলন এবং শহীদ ও আহতদের নিয়ে অবমাননাকর, বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।

এর আগে, শুক্রবার অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধেও শাহবাগ থানায় একই অভিযোগ দায়ের করা হয়। সংগঠনের নেতারা অভিযোগটি দাখিল করেন, যার মধ্যে ফোরামের কেন্দ্রীয় সদস্যসচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা অন্তর্ভুক্ত ছিলেন।

বিজ্ঞাপন