ফরিদপুরে নাগরিক আলোচনা ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘গত ১৭ বছরের জুলম, নির্যাতন, হামলা মামলা আর জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আজ সকলে এই মঞ্চে কথা বলতে পারছি। তাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই সরকার জুলাই যোদ্ধাদের পাশে থাকবে।’
শনিবার বিকেলে ফরিদপুর শহরের থানা রোডে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, ‘দীর্ঘ ত্যাগ ও আন্দোলনের মাধ্যমে আজ দেশে গণতন্ত্র ফিরে পেয়েছি। তবে কিছু ভুলের কারণে ১৭ বছরের অবদান নষ্ট হতে পারে। তাই সমাজ থেকে অপরাধ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী নির্মূল করতে হবে।’
শামা ওবায়েদ আরও জানান, ফরিদপুর অঞ্চলের কৃষি ক্ষেত্রে পানি সংকট নিরসনে ইতিমধ্যে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রকল্পসহ খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বিএনপি সরকার কাজ করছে। দ্রুতই এই এলাকায় কৃষকদের স্বার্থে পেঁয়াজ সংরক্ষণাগার করা হবে।’
তিনি উল্লেখ করেন, ‘ফরিদপুর বিভাগ, সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়সহ এই অঞ্চলের উন্নয়নে দলমত ধর্ম নির্বিশেষে এক হতে হবে।’ নাগরিক আলোচনা ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে ফরিদপুরের চারটি আসনের সংসদ সদস্যদের আমন্ত্রণ জানানো হলেও দুই জন সাংসদ মঞ্চে অনুপস্থিত ছিলেন।