গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রংপুরে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শহরের জুলাই চত্বর থেকে শুরু হয়ে গণমিছিলটি নগর ভবন, জেলা পরিষদ সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব চত্বর, দাবানল মোড় ও গ্র্যান্ড হোটেল মোড় ঘুরে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি-সংবলিত ফেস্টুন প্রদর্শন করেন।
সমাবেশে বক্তব্য দেন 'রংপুর-৩' আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, 'রংপুর-১' আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, 'কুড়িগ্রাম-১' আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, জেলা এনসিপির আহ্বায়ক আল মামুন এবং ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি নুরুল হুদা।
রায়হান সিরাজী বলেন, সরকার জনগণের দাবি দ্রুত বাস্তবায়ন করবে বলে তারা আশা করছেন। তিনি বলেন, জনগণ রাজপথে নামার আগেই গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বেলাল বলেন, জুলাই উপাখ্যানের শহীদদের স্বপ্ন ছিল। সেই স্বপ্নের বাংলাদেশ আজকে গড়তে পারছি না। তিনি বলেন, বর্তমান নির্বাচন সরকার জুলাই উপাখ্যানের যে স্বপ্ন, জুলাই সনদ অনুযায়ী তারা উদ্যোগ নেবেন।
তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ, সুষম উন্নয়ন এবং জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের দাবিতে তাদের এ কর্মসূচি। এছাড়া, এসব দাবি আদায়ে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।