সংবিধানে মৌলিক সংশোধন কার্যক্রমের জন্য গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত সংবিধান সংশোধন বিশেষ কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সংশোধনীর প্রস্তাব জানুয়ারিতে সংসদে বিল আকারে পেশ করা হবে এবং সংসদে গৃহীত হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট অনুষ্ঠিত হবে।
বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকরা গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবিধানে স্বীকৃতি দেয়ার দাবি জানান।
দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, বিরোধী দলকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে এই কমিটিতে যুক্ত করার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, যদি সংবিধানে আর্টিকেল ৮, ৪৮, ৫৬ এবং ১৪–এর মধ্যে কোনো পরিবর্তন আনা হয়, তাহলে তা গণভোটের মাধ্যমে জনগণের রায় নেয়া হবে।
তিনি বলেন, এই সংশোধনীতে জুলাই সনদকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। এছাড়া, নির্বাচনী ইশতেহারের বিষয়গুলোর ম্যান্ডেটও ধারণ করা হবে।
বিরোধী দলের অংশগ্রহণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব নয়, তবে বৈঠকে অংশ নিতে তাদের বারবার আহ্বান জানানো হয়েছে।