স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে আমাদের পতনের কথা বলে এবং দিল্লীতে বসে ফ্যাসিস্টের দোসররাও দেখে নেওয়ার কথা বলে।’ তিনি রোববার বিকেল সাড়ে ৪টায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক সভায় এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সজাগ থেকে জনগণকে সাথে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।’ তিনি দলের ভেতরে ঐক্য ধরে রেখে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে সকল অপচেষ্টা মোকাবিলা করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের এমপি এস.এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের এমপি মঈনুল ইসলাম খান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাড. জামিলুর রশিদ খান। জেলা বিএনপির আহ্বায়ক সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে সভায় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার পর জেলা শহরে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।