দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি দৃষ্টান্তমূলক জবাবদিহি ও দলের আত্মশুদ্ধি অভিযানের আহ্বান জানিয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, নির্ভরযোগ্য গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে পুলিশের উপস্থিতিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সহিংস লুটপাট, ভাঙচুর ও জবরদখলের ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের জলমহাল দখল নিয়ে স্থানীয় বিএনপির অন্তর্দ্বন্দ্বে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হওয়ার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটরের কার্যালয় ভাঙচুরের ঘটনার জন্য গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে টিআইবি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, "পুলিশের উপস্থিতিতে শত শত মানুষের সামনে একটি দাতব্য প্রতিষ্ঠান ধ্বংস করে ক্ষমতাসীন দল কোন ধরনের দৃষ্টান্ত স্থাপন করছে?"
তিনি আরও বলেন, "জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় এই ধরনের ঘটনা সরকারের জন্য বিব্রতকর। সাধারণ জনগণের মনে বিগত সময়ের স্বেচ্ছাচারী আচরণ এখনো সতেজ।"
ইফতেখারুজ্জামান উল্লেখ করেন, "আওয়ামী সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি ও চাঁদাবাজির ব্যাপক অভিযোগ ওঠে। রাজনৈতিক পটপরিবর্তনে অনেক নেতাকর্মী বেপরোয়া আচরণ শুরু করেছেন, যা গণমাধ্যম ও রাজনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি করছে।"
তিনি বলেন, "ঢাকার সায়দাবাদ, মহাখালী ও গাবতলীর মতো প্রধান বাস টার্মিনালসহ দেশের বিভিন্ন স্থানে দখলবাজি ও চাঁদাবাজির ঘটনা মহোৎসবে পরিণত হয়েছে।"