মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিরোধী দলের ওয়াকআউট: সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রতিবাদ

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রতিবাদে ওয়াকআউট করেছে বিরোধী দল।

বিরোধী দলের ওয়াকআউট: সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রতিবাদ

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটি গঠনের অভিযোগে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। আজ সোমবার জাতীয় সংসদে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

এই প্রস্তাবের বিরোধিতা করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, "আমরা কখনো কমিটিতে সদস্য দেওয়ার আশ্বাস দেননি। আমরা ধারণাগতভাবে (কনসেপচুয়ালি) এটাকে গ্রহণ করিনি।" তিনি দাবি করেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো গণভোটের ফল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, ১৭ সদস্যের এই কমিটিতে বিএনপির সাতজন, বাংলাদেশ জাতীয় পার্টির একজন, গণসংহতি আন্দোলনের একজন, গণঅধিকার পরিষদের একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, স্বতন্ত্র একজন এবং বিরোধী দলের পাঁচজন সদস্য রাখার পরিকল্পনা ছিল।

তিনি আরও বলেন, "বিরোধী দলের সদস্যদের নাম চেয়ে কয়েক দফা যোগাযোগ করা হলেও তারা এখন পর্যন্ত কোনো নাম দেয়নি। তাই বিরোধী দলের জন্য নির্ধারিত পাঁচটি পদ শূন্য রেখে আপাতত ১২ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করা হচ্ছে।"

শফিকুর রহমান বলেন, "গণতন্ত্রের দাবি হচ্ছে জনগণের মতামতকে সম্মান করা। প্রায় ৬৮ দশমিক ৬ শতাংশ মানুষ যে মতামত দিয়েছেন, সেটি উপেক্ষা করা হলে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর জনগণের আস্থা ক্ষুণ্ন হবে।"

এরপর তিনি বলেন, "জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না—এর প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি।" শফিকুর রহমানের বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

বিজ্ঞাপন