যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ট্রাম্পকে চিঠি পাঠিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
চিঠিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, “বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের এই তাৎপর্যপূর্ণ মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”
তিনি আরো বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার বাস্তবমুখী নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরও মহিমান্বিত অগ্রযাত্রার পথে এগিয়ে যাবে।”
চিঠিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, “স্বাধীনতার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের গণতান্ত্রিক ও উন্নয়নযাত্রায় এক বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে।”
তিনি বলেন, “গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং জনগণের মধ্যে নিবিড় যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারত্বে উন্নীত হয়েছে।”
চিঠিতে প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন।