চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। কক্সবাজার হয়ে মিয়ানমার ও চীন পর্যন্ত এই করিডোর বাস্তবায়নের জন্য সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শনিবার (৪ জুলাই) কক্সবাজারে দক্ষিণ এশিয়ান একাডেমি ফর ইন্টারন্যাশনাল লিডারশিপের একাডেমি প্রোগ্রামের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, "জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।"
উপদেষ্টা আরও জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরনার্থীদের প্রত্যাবাসন নিয়ে সরকার মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এবং চীনসহ বিভিন্ন প্রভাবশালী দেশের সঙ্গে বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই আলোচনা রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে এবং টেকসইভাবে নিজ দেশে ফিরিয়ে নিতে সহায়তা করবে।
৩ দিনের এই একাডেমি কর্মসূচিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জেসিআই সদস্য, তরুণ নেতা, আন্তর্জাতিক প্রতিনিধি এবং বিশিষ্ট অতিথিরা অংশগ্রহণ করছেন।