জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের তিনজন সদস্য এ অভিযোগ দাখিল করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অভিযোগটি পাওয়ার পর পুলিশ প্রথমে মামলা করতে চাইলেও পরে লিখিত অভিযোগ গ্রহণ করে। অভিযোগপত্রে বলা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে শহীদ ও আহতদের আত্মত্যাগ রয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, শান্তা ফারজানা নামের একজন সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপের একটি ভিডিও প্রকাশ করেছেন, যা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে।
মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন।
অন্যদিকে, মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি আন্দোলনকারীদের কর্মকাণ্ডকে কটাক্ষ করে সেটিকে অভিনয়ের সঙ্গে তুলনা করেছেন, যা আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি অবমাননাকর বলে দাবি করা হয়েছে।
ওসি মনিরুজ্জামান জানান, অভিযোগটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। বর্তমানে অভিযোগটির তদন্ত চলছে এবং তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।