বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ

নুরুল ইসলাম নাহিদকে মাদরাসাছাত্র হত্যার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ

সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে রাজধানীর উত্তরায় মাদরাসাছাত্র সাদেকুল ইসলাম হত্যা মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১২নং বিচারক রিপন হোসেনের আদালত এই নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, নূরুল ইসলাম নাহিদ আত্মগোপনে ছিলেন এবং তাকে আটকের চেষ্টা চললেও তিনি ছদ্মবেশে বারবার স্থান পরিবর্তন করছিলেন। গতকাল রাতে উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

২০২৪ সালের জুলাই আন্দোলনে ১৯ জুলাই উত্তরায় মাদ্রাসা ছাত্র সাদেকুল ইসলাম হত্যা মামলায় তাকে আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন।

পুলিশের আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী, নুরুল ইসলাম নাহিদ ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা দিয়েছিলেন। এছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটনে তিনি নিজের কর্মীবাহিনী নিয়োজিত করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ মামলার ঘটনা এবং পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে তার রিমান্ড চাওয়া হতে পারে বলেও উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, বুধবার রাতে রাজধানীর উত্তরার ৩ নং সেক্টরের একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বিজ্ঞাপন