সন্ত্রাসীদের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, 'সরকার যখন উন্নয়নে কাজ করছে, তখন পলাতক মহল সীমান্তের ওপাড়ে বসে প্রভুদের খুশি করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে।'
তিনি উল্লেখ করেন, দেশের মানুষ গুম-খুনের রাজনীতি দেখতে চায় না। '১৬ বছর বন্দুক ঠেকিয়ে দেশ ও দেশের মানুষকে শাসন করেছে পালিয়ে যাওয়া শক্তি। সে সময়ের মানুষের কথা বলার অধিকার এবং ভোটের অধিকার ছিল না,' বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ২৪-এর মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করার আহ্বান জানান। তিনি বলেন, 'আমরা দেখেছি, প্রতিবছর লাখ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে।'
এসময় প্রধানমন্ত্রী পঞ্চগড় পর্যন্ত গ্যাস লাইন নিয়ে আসার ঘোষণা দেন। তিনি জানান, এর ফলে নতুন নতুন কারখানা গড়ে উঠবে এবং কর্মসংস্থান বাড়বে।