রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

জামালপুরে ১০০ নিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্রে বিভ্রান্তি

জামালপুরে ১০০ নিয়মিত পরীক্ষার্থী ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন।

জামালপুরে ১০০ নিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্রে বিভ্রান্তি

জামালপুরে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ২০২৫ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নপত্রে অংশ নিয়েছেন ১০০ জন নিয়মিত পরীক্ষার্থী। শনিবার (৪ জুলাই) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

২০২৬ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষার্থীদের ২০২৫ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নপত্র দেওয়া হয়। ওই কক্ষের সব পরীক্ষার্থী ছিলেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।

পরীক্ষা শেষে প্রশ্নপত্রে ২০২৫ সালের সিলেবাস উল্লেখ থাকায় বিষয়টি জানার পর উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। এক পরীক্ষার্থী বলেন, “পরীক্ষা শেষে প্রশ্নপত্র দেখে বুঝতে পারি, এটি ২০২৫ সালের সিলেবাসের। কলেজ কর্তৃপক্ষ সমাধানের আশ্বাস দিলেও আমি দুশ্চিন্তায় আছি।”

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর শওকত আলম মীর জানান, কেন্দ্রে প্রশ্নপত্রের ২০টি করে একটি বান্ডেল আসে। ৪২০২ নম্বর কক্ষের জন্য পাঁচটি বান্ডেল খোলা হয়েছিল। প্রতিটি বান্ডেলের গায়ে ২০২৬ সালের প্রশ্নপত্র লেখা থাকলেও ভেতরে ছিল ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র।

তিনি আরও জানান, পরীক্ষা শুরুর আগে বান্ডেল খুলে প্রশ্নপত্র যাচাই করার সুযোগ না থাকায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেটিই বিতরণ করেন। ঘটনাটি শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে এবং বোর্ড থেকে ওই ১০০ পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠাতে বলা হয়েছে।

বোর্ড জানিয়েছে, তাদের উত্তরপত্র ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী নমনীয়ভাবে মূল্যায়ন করা হবে। জানা গেছে, সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ছিলেন ৬৯ জন।

বিজ্ঞাপন