শনিবার, ০৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

জামালপুরে ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা দিলেন ১০০ শিক্ষার্থী

জামালপুরে ১০০ শিক্ষার্থী ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন, বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

জামালপুরে ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা দিলেন ১০০ শিক্ষার্থী

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন ২০২৬ সালের ১০০ জন শিক্ষার্থী। শনিবার সকালে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে।

পরীক্ষার্থীরা সবাই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী। পরীক্ষার্থী তিলা জামালি জানান, পরীক্ষার পর তিনি দেখতে পান যে তার প্রশ্নের উপরে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী লেখা রয়েছে। তিনি বলেন, “আমি ২ বছর ধরে এই ৩ ঘণ্টার জন্য প্রিপারেশন নিয়েছি। তাদের একটি ভুলের কারণে যে আমার এ-প্লাস কেটে যাবে না—এটার নিশ্চয়তা কী?”

অন্য পরীক্ষার্থী নুসরাত জাহান বলেন, “সারা বাংলাদেশ একটি প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। আমরা ১০০ জন অন্য একটি প্রশ্নপত্রে পরীক্ষা দিলাম। পাস করবো নাকি ফেল করবো সেটি নিয়ে সন্দেহ রয়েছে।”

এ বিষয়ে আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মীর শওকত আলম মীর জানান, “আমাদের কাছে যে প্রশ্নপত্র আসে, সেগুলোতে ২০টি প্রশ্নপত্রের একটি বান্ডেল হয়। ৪২০২ নাম্বার কক্ষে যে ৫টি বান্ডেল খোলা হয়, সেগুলোর উপরে ২০২৬ সালের প্রশ্নপত্র লেখা ছিল, কিন্তু ভেতরে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন ছিল।”

তিনি আরো বলেন, “বিষয়টি জানাজানির পর আমরা বোর্ডে যোগাযোগ করি। বোর্ড থেকে বলা হয়েছে যে, ওই ১০০ জন পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠাতে। তাদের উত্তরপত্র নমনীয়ভাবে এবং ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী দেখা হবে।”

সরকারি আশেক মাহমুদ কলেজের কেন্দ্রটিতে বাংলা দ্বিতীয় পত্রে অনিয়মিত ও মানোন্নয়নের জন্য পরীক্ষা দিয়েছেন ৬৯ জন। সব মিলিয়ে পরীক্ষা দিয়েছেন ৯ শতাধিক পরীক্ষার্থী।

বিজ্ঞাপন