নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার (এনইউবিটিকে) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২ জুলাই) যমুনা টেলিভিশনে একটি ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সম্পন্ন করেছেন।
এ সফরের উদ্দেশ্য ছিল সাংবাদিকতার তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন করা। শিক্ষার্থীরা খুলনা থেকে যমুনা টেলিভিশনের প্রধান কার্যালয়ে পৌঁছান। এই শিক্ষা সফরটি ব্যবহারিক কোর্সের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা যমুনা টেলিভিশনের নিউজরুম, স্টুডিও এবং প্রোডাকশন কন্ট্রোল রুমসহ সংবাদ উৎপাদন, সম্পাদনা ও সম্প্রচারের বিভিন্ন ধাপ ঘুরে দেখেন। আধুনিক টেলিভিশন সাংবাদিকতার কর্মপ্রক্রিয়া সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।
পরবর্তীতে যমুনা টেলিভিশনের চিফ রিপোর্টার আখলাকুস সাফা এবং হেড অব নিউজ মো. তৌহিদুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং পেশাদার সাংবাদিকতার দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগ পান এবং বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেন। আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।