বাউল, ফকির ও সন্ন্যাসীদের ওপর হামলা ও মাজারে আক্রমণের অভিযোগ তদন্তে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানকে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশীষ রায়ের বেঞ্চ গত ২১ জুন এ আদেশ জারি করেন। আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, আদালতের নির্দেশ অনুযায়ী, দোষীদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
রিটে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় কারণে কিছু দুষ্কৃতিকারী ফকির, সুফি সাধক এবং বাউলদের প্রতি অবমাননাকর আচরণ ও শারীরিক হামলা করেছে। এসব ঘটনার ফলে ভুক্তভোগী নাগরিকদের মৌলিক অধিকার হরণ হয়েছে।
শুনানি শেষে আদালত দায়ীদের চিহ্নিত করতে নির্দেশ দেওয়ার পাশাপাশি রুল জারি করেছেন। রুলে বলা হয়েছে, কেন বাউল, ফকির ও সন্ন্যাসীদের ধর্মীয় চর্চা ও বিশ্বাসের ওপর ভবিষ্যতে হয়রানি বন্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হবে না এবং সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়?