উইম্বলডনে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতে গিয়ে ব্যাজ পরার অনুমতি পাননি তুরস্কের টেনিস খেলোয়াড় জেইনেপ সনমেজ। বিকল্প হিসেবে তিনি র্যাকেটে তরমুজ আকৃতির ভাইব্রেশন ড্যাম্পেনার ব্যবহার করেছেন।
২ জুলাই বৃহস্পতিবার উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর, সনমেজ তুর্কি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে জানান, ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে একটি ব্যাজ তিনি পূর্বে বিভিন্ন টুর্নামেন্টে ব্যবহার করলেও, উইম্বলডন কর্তৃপক্ষ এবার তা নিষিদ্ধ করেছে।
তিনি বলেন, "আমি আগে একটি ব্যাজ পরতাম। এখন টুর্নামেন্টগুলো সেটি পরতে দিচ্ছে না। আয়োজকদের সঙ্গে আলোচনা হয়েছিল। আমি জানতে চেয়েছিলাম, ইউক্রেনের পতাকা অনুমোদিত হলে ফিলিস্তিনের প্রতীক কেন নয়?"
সনমেজ জানান, আয়োজকরা স্পষ্ট জানিয়ে দেন যে, ব্যাজ পরার অনুমতি দেওয়া হবে না। তবে র্যাকেটে ভাইব্রেশন ড্যাম্পেনার ব্যবহার করতে পারি, এতে তাদের আপত্তি নেই। তাই আমি র্যাকেটে তরমুজের প্রতীক ব্যবহার করেছি।
ফিলিস্তিনের পতাকার লাল, সবুজ, সাদা ও কালো— এই চারটি রঙই তরমুজে থাকায় এটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের প্রতি সংহতি ও ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
উইম্বলডনে নারী এককের দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের ক্লেয়ার লিউয়ের কাছে ৭-৫, ৬-৩ সেটে হেরে বিদায় নেন সনমেজ। যদিও নারী একক থেকে বিদায় নিলেও, ডাবলস প্রতিযোগিতায় এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।