বিশ্বকাপের নকআউট পর্বের রাউন্ড অব ৩২-তে শনিবার ভোর ৪টায় মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ আফ্রিকার লড়াকু দল নবাগত কেপ ভার্ড। খাতায়-কলমে আলবিসেলেস্তেরা ফেবারিট হলেও, কেপ ভার্ডেকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।
গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দেওয়া দলটি দেখিয়েছে ডিফেন্সিভ ফুটবল খেলেও কীভাবে র্যাংকিংয়ের সামনের সারির দলগুলোকে আটকে দিতে হয়। কেপ ভার্ডের ফুটবলের ধরণ সম্পর্কে জানা প্রয়োজন, তারা কি শুধুই ‘বাস পার্ক’ করে বসে থাকবে?
ডেটা বলছে ভিন্ন কথা। স্পেনের বিপক্ষে তারা 'পার্ক দ্য বাস' ফুটবল খেলে ইউরোপ চ্যাম্পিয়নদের গোল করতে দেয়নি, যদিও স্পেন ২৭টি শট নিয়েছিল। কেপ ভার্ডের বল পজেশন ছিল মাত্র ২৬ শতাংশ, কিন্তু তারা কাউন্টার অ্যাটাকে ৬ বার শট নিয়েছে। উরুগুয়ের বিপক্ষে বল পজেশন ছিল ৩৫ শতাংশ, তবুও ১২ বার শট নিয়ে ২টি গোল আদায় করেছে।
কেপ ভার্ডের ডিফেন্সিভ কৌশলটি হচ্ছে, তারা মূলত হাফস্পেস ও সেন্টারস্পেসকে ব্লক করে রাখার চেষ্টা করে। ৪-১-৪-১ ফরমেশনে খেলে তাদের দুই ফুলব্যাক হাফস্পেসে চলে আসে, যা তাদের রক্ষণকে আরও শক্তিশালী করে।
তাদের ডিফেন্সিভ ইউনিট হিসেবে একসাথে মুভ করার ক্ষমতা রয়েছে, ফলে ফাউল করার হারও কম। স্পেনের বিপক্ষে তারা মাত্র ১টি ফাউল করেছে।
কেপ ভার্ডের অসাধারণ 'ওয়ার্ক রেট' তাদের শক্তিমত্তার আরেকটি দিক। স্পেনের বিপক্ষে তারা ১০৬.১ কিলোমিটার, উরুগুয়ের বিপক্ষে ৯৭.৫ কিলোমিটার এবং সৌদি আরবের বিপক্ষে ১০৩.২ কিলোমিটার দৌড়িয়েছে।
আর্জেন্টিনার তুলনায় কেপ ভার্ডের দৌড়ের পরিমাণ বেশি হলেও, আর্জেন্টিনা বলের পজেশন ধরে রেখে খেলার কৌশল অনুসরণ করে। তাদের গোলের সংখ্যা ৩৪টি, গোল হজম করেছে মাত্র ১টি।
কেপ ভার্ডের জমাট ডিফেন্স ভাঙতে আর্জেন্টিনা কি বক্সের ভেতরে ক্রস বাড়াবে? তবে উচ্চতার দিক থেকে কেপ ভার্ডের সেন্টার ব্যাক এবং গোলকিপার ৬ ফুট উচ্চতার হওয়ায় এটি একটি চ্যালেঞ্জ হতে পারে।