চেক প্রজাতন্ত্রের বুকোভকা গ্রামের একটি তিনতলা বাড়ি আকাশি-সাদা রঙে রাঙানো। দেয়ালে বিশাল লিওনেল মেসির ম্যুরাল এবং উঠোনে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার পূর্ণাঙ্গ ভাস্কর্য স্থাপন করা হয়েছে। বাড়ির দেয়ালে ফুটে উঠেছে আর্জেন্টিনার পতাকার সূর্যের প্রতীক, যা দেখে মনে হয় এটি আর্জেন্টিনার কোনো শহর।
এই বাড়ির মালিক ৫১ বছর বয়সী মিলোস্লাভ ‘কার্বি’ উরবানেক, যিনি পেশায় একজন মিউজিক প্রোমোটার। তিনি নিজেকে আর্জেন্টিনার আজীবন সমর্থক হিসেবে পরিচয় দেন। বাড়ির পেছনে একটি ফুটবল মাঠ রয়েছে, যেখানে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সের তারকাদের ছবি সাজানো রয়েছে।
উরবানেকের ব্যক্তিগত ভ্যানটিও আর্জেন্টিনার রঙে সাজানো। সেখানে বিশ্বকাপ হাতে ম্যারাডোনার ছবি, লিওনেল মেসির প্রতিকৃতি এবং তাতে লেখা রয়েছে: ‘ইন মেসি উই ট্রাস্ট’। গাড়ির নাম্বার প্লেটেও ইংরেজিতে লেখা- ‘ম্যারাডোনা’।
শৈশবে বাবার সঙ্গে ১৯৭৮ সালের বিশ্বকাপ দেখার পর থেকেই উরবানেকের আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স এবং ফুটবলের প্রতি গভীর ভালোবাসা জন্ম নেয়। তিনি নিজের দ্বিতীয় ছেলের নাম রেখেছেন 'লিওনেল', কারণ তিনি বিশ্বাস করেন যে, মেসি অসাধারণ ফুটবলার।
বর্তমান বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে উরবানেক আত্মবিশ্বাসী। তিনি মনে করেন, বর্তমান আর্জেন্টিনা দল দুর্দান্ত ছন্দে রয়েছে এবং আবারও বিশ্বকাপ জিতবে। আগামী ৩ জুলাই আর্জেন্টিনা কেপ ভার্ডের বিরুদ্ধে খেলবে, এবং উরবানেকসহ কোটি ভক্ত অপেক্ষায় আছেন নতুন উৎসবের জন্য।