শনিবার, ০৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ঢাকায় শুরু হলো প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ

ঢাকায় শুরু হয়েছে প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ, ১৬টি এয়ারলাইন্স অংশ নিচ্ছে।

ঢাকায় শুরু হলো প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ

ঢাকায় দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬ শুরু হয়েছে। ‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্টে ১৬টি দেশি-বিদেশি এয়ারলাইন্স অংশগ্রহণ করছে।

৪ জুলাই ফাইনালসহ দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা রাজধানীর গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ও ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো।

এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এই টুর্নামেন্টের আয়োজন করেছে, যার টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই ভিআইপি মোটরস।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, "বাংলাদেশের মানুষ ফুটবলপ্রেমী। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতি মানুষের আবেগ বিশ্বজুড়ে পরিচিত। এ ধরনের আয়োজন দেশের ফুটবলকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।"

ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ফুটবলকে আনন্দের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, "ফুটবল শান্তি ও সম্প্রীতির খেলা। প্রিয় দলকে সমর্থন করুন, তবে শান্তিপূর্ণভাবে।"

আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, "ফুটবল বিভিন্ন সংস্কৃতির মানুষকে একত্র করে। এই খেলাটি বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করেছে।"

এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, "বাংলাদেশের এভিয়েশন খাত উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। এই টুর্নামেন্ট দেশি-বিদেশি অংশীদারদের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদার করবে।"

এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এমিরেটস, কাতার এয়ারওয়েজসহ আরও অনেক এয়ারলাইন্স।

বিজ্ঞাপন