আগামী ৩ ও ৪ জুলাই রাজধানীর গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬। এই আন্তর্জাতিক ফুটসাল টুর্নামেন্টে দেশি-বিদেশি এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে।
এটি আয়োজন করছে এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই ভিআইপি মোটরস। “ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন” প্রতিপাদ্যে আয়োজিত এই টুর্নামেন্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এমিরেটস, কাতার এয়ারওয়েজসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্স অংশ নেবে।
টুর্নামেন্টের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, “গত এক দশকে বাংলাদেশের এভিয়েশন খাত উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। আমরা বিশ্বাস করি, এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে।”
টুর্নামেন্ট ডিরেক্টর মো. আদনান রহমান জানান, এই আয়োজনের উদ্দেশ্য হলো এভিয়েশন খাতে কর্মরত পেশাজীবীদের মধ্যে সম্পর্ক ও সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলা। তিনি আশা প্রকাশ করেন যে, এই আয়োজন দেশের এভিয়েশন খাতের সবচেয়ে আলোচিত ক্রীড়া ইভেন্টে পরিণত হবে।