বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টুতে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আত্মতুষ্টিতে ভুগতে নারাজ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেপ ভার্দে সহজ প্রতিপক্ষ নয়।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মিয়ামিতে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তিনটি ড্র করে নকআউট নিশ্চিত করেছে তারা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, "এখন থেকে প্রতিটি ম্যাচই অলিখিত ফাইনাল। হারলেই বিদায়। কেপ ভার্দে খুবই ভালো দল। তারা ভাগ্যের জোরে এখানে আসেনি। আমরা তাদের সর্বোচ্চ সম্মান দিচ্ছি।"
তিনি আরও বলেন, "সৌদি আরবের বিপক্ষে তাদেরই জেতা উচিত ছিল। স্পেন ও উরুগুয়ের বিপক্ষে তারা দারুণ ডিফেন্স করেছে। মাঝমাঠের জায়গা বন্ধ করে দ্রুত পাল্টা আক্রমণে যাওয়ার সক্ষমতাও আছে তাদের।"
আর্জেন্টিনার আট গোলের ছয়টি এসেছে লিওনেল মেসির পা থেকে। তবে স্কালোনি দলের মেসিনির্ভর ধারণা মানতে রাজি নন। তিনি বলেন, "মেসি অসাধারণ খেলোয়াড় বলেই তাকে বেশি চোখে পড়ে। তবে আমাদের দলে আরও স্ট্রাইকার আছে। হুলিয়ান আলভারেজ কিংবা লাউতারো মার্টিনেজ যেই খেলুক, আমরা চাই সবাই গোল করুক।"
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রামের কারণে প্রথমার্ধে বেঞ্চে ছিলেন ৩৯ বছর বয়সী মেসি। কেপ ভার্দের বিপক্ষে তাকে আবারও শুরুর একাদশে দেখা যেতে পারে। তবে অতিরিক্ত সময় গড়ালে তিনি কতক্ষণ খেলবেন, এ বিষয়ে স্কালোনি কিছু বলতে চাননি। তিনি বলেন, "সবকিছু নির্ভর করবে ম্যাচের পরিস্থিতি এবং মেসির শারীরিক অবস্থার ওপর।"