আফ্রিকার দ্বীপদেশ কেপ ভার্ডের ফুটবল একাডেমিতে চলছে ছোট ছোট ছেলেদের নিবিড় অনুশীলন। এখানেই তৈরি হচ্ছে আগামী দিনের ফুটবলাররা।
সুদূর উত্তর আমেরিকায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে কেপ ভার্ডের সাফল্যগাঁথা লেখা হচ্ছে। মাত্র ৫ লাখ মানুষের দেশটি এবার প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার ভোর ৪টায় রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্ড মুখোমুখি হবে আর্জেন্টিনার।
দেশটির ফুটবলপ্রেমী জনগণ এই ম্যাচকে কেন্দ্র করে দারুণভাবে উচ্ছ্বসিত। কেপ ভার্ডের ফুটবল কর্মকর্তারা জানান, এই সাফল্য হঠাৎ করে আসেনি। বছরের পর বছর ধরে তৃণমূল পর্যায়ে বিনিয়োগ এবং আধুনিক প্রশিক্ষণের ফলেই এই অর্জন।
ফুটবল ফেডারেশনের একাডেমি থেকে ইতিমধ্যে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন চারজন ফুটবলার। এই প্রকল্পের মূল লক্ষ্য শুধু ভালো ফুটবলার তৈরি করা নয়, বরং শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলা।
ফিফার ‘ফিফা ফরওয়ার্ড’ কর্মসূচির আওতায় কেপ ভার্ড পেয়েছে ৫৭ লাখ ডলারেরও বেশি সহায়তা। এই অর্থে নির্মাণ করা হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও কৃত্রিম টার্ফ। স্টেডিয়ামের আধুনিকায়নের পাশাপাশি তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়নের বিভিন্ন প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।
গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষে অপরাজিত থেকে কেপ ভার্ড গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। তবে তারা এখানেই থেমে থাকতে চায় না। আর্জেন্টিনাকে হারাতে পারলে ৫ লাখ জনসংখ্যার এই দেশটির জন্য হবে গর্ব করার মতো একটি উপলক্ষ্য।