মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, কিছু প্রভাবশালী ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের সাময়িক প্রভাব রয়েছে, কিন্তু তারা যদি মাদক ব্যবসা না ছাড়ে, তাহলে তাদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী শুক্রবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় একটি সভায় এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, "যদি কেউ আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নেবে।"
এ্যানি বলেন, “১৭ বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতার মধ্যে কেউ যদি মাদক ব্যবসা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।”
নারী উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার নারীদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবার প্রধান নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থ সহায়তা দিচ্ছে, যা তাদের সঞ্চয়ে সহায়ক হচ্ছে।”
মন্ত্রী আরও বলেন, “আমরা ১৭ বছর ধরে শান্তিতে বসবাসের জন্য সংগ্রাম করেছি। সরকারের সহযোগিতার মাধ্যমে যদি একজন মা সচেতন হন, তাহলে পুরো জাতি শিক্ষিত হবে।”
সভায় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ জেলা-উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।