স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকদের সাদাকে সাদা এবং কালোকে কালো বলার দায়িত্ব রয়েছে।
আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। মির্জা ফখরুল জানান, রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিকভাবে পথ দেখানো সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি আরও বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে গিয়ে ভুল হতে পারে। সেই ভুল তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করা গণমাধ্যমের দায়িত্ব।
মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, "অনেক সময় সত্য সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকরা হামলা ও হয়রানির শিকার হন, যা উদ্বেগজনক।" তিনি উল্লেখ করেন, "যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী।"
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল জানান, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে, দক্ষ ও সৎ নেতৃত্ব গড়ার পাশাপাশি নতুন উপজেলা পরিচালনায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের শেষে, তিনি নবনির্বাচিত প্রেসক্লাব কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তারা গণমানুষের আস্থা আরও সুদৃঢ় করবেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।