ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ৩টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিসিন ভবনে তার মৃত্যু ঘটে।
মৃত হাজতির নাম সজিব (২৮), যার হাজতি নম্বর ২০১৩৬/২৬ এবং বাবার নাম মো. সুলতান। কোন মামলায় তিনি কারাগারে ছিলেন সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কারারক্ষী সুজন জানান, গত রাত ১টার দিকে হাজতি সজীব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যান, যেখানে জরুরি বিভাগের মেডিসিন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে হাজতি সজীব মারা যান। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে হাজতির মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।