জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণের ঘটনায় সাবেক এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকায় তার বাসা থেকে গ্রেপ্তার করা হয় ফজলুর রহমান নামের ওই সাবেক পুলিশ কর্মকর্তাকে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সুখরঞ্জন বালিকে অপহরণের ঘটনায় ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
সুখরঞ্জন বালি ২০১২ সালের ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হন। তিনি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে সেখানে উপস্থিত ছিলেন। পরে তাকে ভারতে খুঁজে পাওয়া যায়।